আজকাল কারো ব্যাংক একাউন্ট থাকুক আর নাই থাকুক কিন্তু ফেইসবুক একাউন্ট থাকা চাই এ চাই ! ফেইসবুককে অনেকেই জীবনের অংশ বানিয়ে ফেলেছেন। সকাল বিকাশ রাত সবসময়ই ফেইসবুকে আসক্ত। অনেকের তো ফেইসবুক ছাড়া চলেই না। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম বলা হলেও যত্রতত্র অপব্যবহারের ফলে অনেকের কাছে আবার বিরক্তকর একটি মাধ্যম বলে মনে হচ্ছে। যে কোন মাধ্যম যতোই জনপ্রিয় হোক না কেন তার ব্যবহারকারীরা যদি সব দিক সম্পর্কে সতর্ক বা সচেতন না থাকে, তাহলে জনপ্রিয় মাধ্যম গুলো অনেক সময় সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে ভিত্তিহীন , ভুয়া সাজানো সংবাদ সবচেয়ে বেশি প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে। বিকৃত ছবি, ফটোশপে কাজ করা ছবি জুড়ে, পারিবারিক ছবি ব্যবহার করে বা অন্য কোন ঘটনার ছবি সংযুক্ত করে সংবাদ প্রচার করা একশ্রেণীর ফেইসবুক ব্যবহারকারীর দৈনন্দিন কাজে পরিণত হয়েছে। ফেইসবুক ব্যবহার করা খারাপ আমি সেই কথা বলছি না। কিন্তু একজন ব্যবহারকারী যদি অসৎ উদ্দেশ্যে সামাজিক ভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার চিন্তায় মিথ্যা কল্প কাহিনী জুড়ে বা কুরুচিপূর্ণ ইঙ্গিত করে কোন কিছু প্রকাশ করে , সংখ্যালঘু ধর্মালম্বীদের বিরুদ্ধে উস্কানি মুলক লেখালেখি বা ভুয়া ছবি প্রদর্শন করে বিভিন্ন মসজিদ বা উপাসনালয়ে হামলার জন্য উস্কে দেয় তখন এই জনপ্রিয় মাধ্যম নিয়ে আমাদের এখনই ভাবতে হবে। অন্যদিকে আমাদের ফেইসবুক ব্যবহারকারী অনেক বন্ধু এখনো ফেইসবুক এবং ফেইসবুক গ্রুপের মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম হচ্ছে না। অনেক ব্যবহারকারী গ্রুপে দেওয়া ছবি বা লেখালেখি ফেইসবুকের খোলামেলা ওয়ালে পোস্ট করে দিচ্ছেন।ফেইসবুক ব্যবহারকারী আমরা অনেকেই যত্রতত্র গ্রুপে সংযুক্ত হতে আগ্রহী নয় । এর নিশ্চয়ই কারণ আছে? কারণ গ্রুপে নিদিষ্ট কিছু বন্ধু বান্ধব নিজেদের মধ্যে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করে মন্তব্য করে, ছবি ভিডিও আপলোড করে নিজেদের মধ্যে ভালো যোগাযোগ বা সম্পর্ক না থাকলে অনেক সময় আমাদেরকে বিব্রতকরে। তাই আমি প্রায় দেখি অনেকেই ফেইসবুকে খোলাখুলি ঘোষণা দিয়ে থাকেন “দয়া করে আমাকে গ্রুপে সংযুক্ত করবেন না। ” তার পরও কেউ গ্রুপে সংযুক্ত করলে আমরা নিজে থেকে গ্রুপ ত্যাগ করে চলে আসি। সেই গ্রুপ থেকে (ক্ষেত্র বিশেষ ইনবক্স থেকে ) ছবি সংগ্রহ করে খোলামেলা ফেইসবুকে শেয়ার করা বা ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দেওয়া কতটুকু যুক্তিযুক্ত ? ফেইসবুক ব্যবহারকারীদের অনেকের বয়স্ক আত্মীয় স্বজন আবার অনেকের ছেলে মেয়ে বাবা মা ও বন্ধু তালিকায় থাকে। আপত্তিকর কোন ছবি বা লেখা যখন টাইমলাইনে আসে তখন কি করতে ইচ্ছে করে আপনি বলুন ?? বিতর্কিত বা আপত্তিকর কোন কিছু পোস্ট করার আগে নিজের বিবেককে প্রশ্ন করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।